তৃণমূল পর্যায়ে ডিজিটাল সচেতনতা: শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে সিএসও-সিবিও প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সম্পন্ন
মৌলভীবাজারের সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়ন এবং নাগরিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে 'নাগরিক সমন্বয়' (Nagarik Shamannay) প্রকল্পের অধীনে এক বিশেষ প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে । ডিনেট (Dnet)-এর উদ্যোগে এবং স্থানীয় সহযোগী সংস্থা জন কল্যাণ কেন্দ্র (JKK), নিঃস্ব সহায়ক সংস্থা (NSS), প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা (PSUS) এবং প্রচেষ্টা-এর সক্রিয় সহায়তায় এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়।
ডিজিটাল সক্ষমতা ও প্রশিক্ষণের মূল লক্ষ্য
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর তথ্যপ্রযুক্তি (ICT) এবং ডাটা ম্যানেজমেন্ট বিষয়ক দক্ষতা বৃদ্ধি করা, যা ভবিষ্যতে আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্মের মডিউল হিসেবেও যুক্ত হবে।
প্রশিক্ষকের কৃতিত্ব ও অর্জিত সাফল্য
প্রশিক্ষক জনাব জাহাঙ্গীর আলম অত্যন্ত সাবলীল, দক্ষ এবং অংশগ্রহণমূলক পদ্ধতিতে তথ্যপ্রযুক্তি ও ডাটা ম্যানেজমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁর নির্দেশনায় প্রশিক্ষণার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞানই নয়, বরং বাস্তবধর্মী ও প্রয়োগযোগ্য দক্ষতা অর্জন করেছেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে যা অর্জিত হয়েছে:
- ব্যবহারিক আইসিটি জ্ঞান: অংশগ্রহণকারীরা স্মার্টফোন ও ডিজিটাল টুলস ব্যবহার করে ডাটা সংগ্রহের নির্ভুল পদ্ধতি রপ্ত করেছেন ।
- ডাটা ম্যানেজমেন্ট: স্থানীয় পর্যায়ে সেবা প্রদানকারী ও স্টেকহোল্ডারদের তথ্য সুসংগঠিতভাবে সংরক্ষণ ও বিশ্লেষণের কৌশল আয়ত্ত করেছেন ।
- অভিজ্ঞতা বিনিময়: বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময় সেশনটি প্রশিক্ষণকে আরও প্রাণবন্ত ও কার্যকর করে তুলেছে।
- নাগরিক সেবা নিশ্চয়ন: সংগৃহীত তথ্য ও ডিজিটাল দক্ষতা ব্যবহার করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নত সেবা নিশ্চিত করার ভিত্তি তৈরি হয়েছে ।
উপস্থিত ব্যক্তিবর্গ ও সমন্বয়
কর্মসূচিগুলোতে ডিনেট-এর প্রজেক্ট অফিসার জনাব সিরাজুস সালেকিন রাজিব সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এছাড়া বিভিন্ন উপজেলার সমন্বয়কারী জনাবা শ্রাবণী সিনহা, জনাব মোহা: জয়নাল আবেদীন, জনাবা সাদেকা ভুঁইয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর হিসাবরক্ষণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে প্রশিক্ষণটির মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করেন।
সমাপনী কথা
এই অন-সাইট প্রশিক্ষণগুলোই আমাদের নলেজ শেয়ারিং প্ল্যাটফর্মের প্রাণশক্তি। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রতিনিধিদের এই উদ্দীপনা প্রমাণ করে যে, সঠিক কারিগরি জ্ঞান ও নেতৃত্বের বিকাশ ঘটলে প্রান্তিক জনপদেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খুব শীঘ্রই এই প্রশিক্ষণগুলোর মডিউল আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্মে কোর্স আকারে পাওয়া যাবে।
